দ্য ইকোনমিস্টের তালিকা: ‘চব্বিশের’ বর্ষসেরা দেশ বাংলাদেশ

দ্য ইকোনমিস্টের তালিকা: ‘চব্বিশের’ বর্ষসেরা দেশ বাংলাদেশ
প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট ২০২৪ সালের 'বর্ষসেরা দেশ' হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করেছে। ম্যাগাজিনটি এই অর্জনকে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসন উচ্ছেদের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বর্ণনা করেছে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। শেখ হাসিনার শাসনামলে নির্বাচনে কারচুপি, বিরোধীদের কারাগারে পাঠানো এবং বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর মতো ঘটনাও ঘটে। এছাড়া, তাঁর শাসনকালে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে, যার নেতৃত্বে আছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস। শিক্ষার্থী, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থনে গঠিত এই সরকার দেশটির শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া, যেখানে বাশার আল-আসাদকে উচ্ছেদ করে অর্ধশতকের বংশানুক্রমিক একনায়কতন্ত্রের অবসান ঘটানো হয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। দ্য ইকোনমিস্ট জানিয়েছে, এই তালিকা প্রস্তুত করা হয়েছে গত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করা দেশগুলোকে বিবেচনায় রেখে, অর্থ, সুখ বা নৈতিকতার মানদণ্ডে নয়। বাংলাদেশের এই অর্জন দেশের গণতান্ত্রিক অগ্রগতি ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতিফলন। দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন নিচের ভিডিওতে:

Comments