বিপিএল শুরুর আগেই সূচিতে বদল

বিপিএল শুরুর আগেই সূচিতে বদল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হতে যাচ্ছে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে, যা চলবে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। তবে আসর শুরুর আগেই ৩১ ডিসেম্বরের দুটি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩১ ডিসেম্বরের প্রথম ম্যাচে খুলনা টাইগার্স বনাম চিটাগং কিংসের খেলা দুপুর ১:৩০ টার পরিবর্তে দুপুর ১২:০০ টায় শুরু হবে। দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সের খেলা সন্ধ্যা ৬:৩০ টার পরিবর্তে বিকেল ৫:০০ টায় অনুষ্ঠিত হবে। এই সময়সূচি পরিবর্তনের কারণ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপকে উল্লেখ করা হয়েছে। এছাড়া, ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় পূর্বঘোষিত মধুমতি ব্যাংকের নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে টিকিট সংগ্রহ করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী, টিকিট পাওয়া যাবে জাতীয় সাঁতার কমপ্লেক্স, মিরপুর এর টিকিট বুথে। বিপিএলের ম্যাচগুলো দেশের তিনটি ভেন্যু—মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Comments